এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০০৭ সালের পর এবারই মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট। ২০০৭ সালে পাসের হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ।
এবার ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে এবার পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
১১ বোর্ডে পাস ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবার ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ, আর ছাত্রীদের ৬৬ দশমিক ৬৮ শতাংশ।
৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। অন্যদিকে ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন।
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।
একযোগে ফল প্রকাশ
সোমবার সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এর আগে গত ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।
যেভাবে জানা যাবে ফল
শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছে।
সমন্বিত ফলাফল দেখতে শিক্ষার্থীরা Education Board Results ওয়েবসাইটে যেতে পারবে।
এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2026
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
ঢাকা বোর্ডের জন্য: SSC DHA ROLL 2026
দাখিলের জন্য: SSC MAD ROLL 2026
কারিগরি বোর্ডের জন্য: SSC TEC ROLL 2026
প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
মঙ্গলবার থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এজন্য পুনর্নিরীক্ষণ আবেদন পোর্টাল-এ গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন করতে হবে।
প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি ১৫০ টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
ফি জমা দেওয়ার পর আবেদন বাতিল করে টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকবে না। শিক্ষা বোর্ডগুলো হাতে হাতে বা ম্যানুয়ালি পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করবে না।
একাদশে ভর্তিতে ফাঁকা থাকবে পৌনে ৮ লাখ আসন
এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই এবারও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করে পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সারা দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। বিপরীতে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ২৯ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে বরাবরের মতো এবারও একাদশ শ্রেণিতে প্রায় পৌনে ৮ লাখ আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে।
তবে নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কয়েকটি প্রতিষ্ঠানে আদালতের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।